ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এই উপজেলায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মোবারক হোসেন বলেন, শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার বিকেলে পাওয়া ফলাফলে ওই যুবক সংক্রমিত বলে জানা যায়। বাকি ৯ জনের ফলাফল এখনও পাওয়া যায়নি। তিনি আরও জানান, করোনা আক্রান্ত ৩৫ বছর বয়সী ওই যুবক উপজেলার জিনজিরা এলাকার বাসিন্দা। তার অবস্থা গুরুতর নয়। আমাদের তত্ত্বাবধানে তাকে তার নিজ বাড়িতে আইসলোশনে রাখা হয়েছে। তার স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ডা. মোবারক বলেন, কেরানীগঞ্জ উপজেলায় গত ০৫ এপ্রিল থেকে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এই উপজেলায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন, যার মধ্যে জিনজিরা ইউনিয়ন রয়েছে। তিনি আরও জানান, আক্রান্তদের এলাকাগুলোতে বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখভাল করবো। সেই সঙ্গে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে।

এমবি