ঢাকার ধামরাইয়ের ফুকুটিয়া গ্রামে জমি দখলে ব্যর্থ হয়ে এক কৃষকের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। হামলায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়।

রোববার সকালে ধামরাই ফুকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ধামরাইয়ের ফুকুটিয়া গ্রামের কৃষক আব্দুল মজিদ ফুকুটিয়া মৌজার ৫৫ শতাংশ জমি পৈত্রিকসূত্রে ভোগদখল করে আসছেন। সম্প্রতি স্থানীয় আব্দুর রহমান ও তার সহযোগীরা ওই জমি দখল করার জন্য কয়েক দফা চেষ্টা করে।

তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির শতাধিক মেহগনি গাছ কেটে ফেলে। তারপরেও ওই জমি দখলে নিতে ব্যর্থ হয় প্রতিপক্ষের আব্দুর রহমান ও তার সহযোগীরা।

সকালে আব্দুর রহমান, কুব্বত, মিজানসহ ১০-১২ জন লাঠিসোটা নিয়ে কৃষক আব্দুল মজিদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ করেন আব্দুর রহমান।

তিনি দাবি করেন, প্রতিপক্ষের হামলায় তিনি নিজে, আব্দুল মজিদ, মোকছেদ আলী, ইশার আলী, রাবেয়া খাতুন, সাইফুল ইসলাম, রুবেলসহ অন্তত ২০ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই মমতাজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, জমি দখলের জন্য কৃষকের বাড়িতে হামলা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএইচ