নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোডে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত শাহাব উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানা পুলিশের গ্রেপ্তার অভিযানে ধর্ষণকারী দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনার পর পুলিশ শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে।

এই ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। গ্রেপ্তার করা হয়েছে শ্যামল দে নামের অপর এক ধর্ষককে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আরটিভি অনলাইনকে জানান, গেল ২৭ জানুয়ারি এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে শাহাবুদ্দিন ও শ্যামল।

গতকাল সোমবার তারা ওই মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করতে পারলেও তারা পালিয়ে যায়। পরে রাতে চকবাজারের ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে শাহাবুদ্দিনকে ধরতে জামালখানের ফিরিঙ্গিবাজারে যায় পুলিশের একটি দল। এসময় মেরিনার্স রোডে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে, তিনি পুলিশের দিকে গুলি ছোড়েন। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। পরে সেখানে শাহাবুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এই অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

এএস