কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহর আলি (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) ভোররাত ৩টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার মনি পার্কের পাশের রাস্তায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মোহর আলি দৌলতপুর উপজেলার পশ্চিমপাড়ার মো. তোহিদুল ইসলাম হাদুর ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, উপজেলার বাহিরচর এলাকার মনি পার্কের পাশের রাস্তায় ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। পরে ভেড়ামারা থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসি আরও বলেন, এর কিছুক্ষণ পর পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মোহর আলিকে পড়ে থাকতে দেখে পুলিশ। এরপর তাঁকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি জহুরুল ইসলাম।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও দাবি করে, মোহর আলি ডাকাতদলের সদস্য এবং তাঁর বিরুদ্ধে ভেড়ামারা থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে।

এমবি