আমার এসএসসির ফল শুনে খুবই খুশি হয়েছিল। বলছিল, ছুটি নিয়ে বাড়ি আসবে। আমার জন্য কাপড় আনবে। টাঙ্গাইল থেকে মিষ্টি এনে খাওয়াবে। বাবা সত্যিই আজ বাড়ি আসছে, তবে লাশ হয়ে।’—এসব কথা বলে আজ শুক্রবার বিলাপ করছিল দুর্বৃত্তদের গুলিতে নিহত কক্সবাজারের টেকনাফের শালবন আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার আলী হোসেনের (৫৫) একমাত্র মেয়ে সোমা আক্তার।

গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা আলী হোসেনকে গুলি করে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়। তাঁর বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকায়।

আলীর লাশ আজ শেষ রাতের দিকে আসতে পারে বলে নিহতের ভাই আবুল সরকার জানিয়েছেন। তিনি বলেন, ভাইয়ের মৃত্যুর খবর আজ সকাল আটটার দিকে পরিবারের লোকজন জানতে পারে।

গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেল, আলী হোসেনের স্ত্রী, মেয়ে ও ছেলেসহ স্বজনেরা আহাজারি করছেন। স্ত্রী সাজেদা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। একমাত্র ছেলে শওকত আলী সুজন এবার সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, লাশ কখন সখীপুরে স্বজনদের কাছে পৌঁছাবে তা এখনো জানতে পারিনি।

এমআর