গোপালগঞ্জে শনিবার জেলা মোটরশ্রমিক সংগঠনের বিবদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

চাঁদা তোলাকে কেন্দ্র করে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও দুপুর আড়াইটার দিকে শহরের পুলিশ লাইনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, বিষয়টি মীমাংসার জন্য জেলা মোটরশ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি সাইদুর রহমান বাসু ও একই সংগঠনের সাবেক সভাপতি বুলবুল ইসলামকে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) অফিসে পাঠানো হয়েছে।

এ নিয়ে রোববার দুই গ্রুপের মধ্যে সমঝোতা বৈঠক হবে। উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে বিভিন্ন বাস থেকে চাঁদা আদায় করছিল সাইদুর রহমান বাসু গ্রুপের লোকজন। খবর পেয়ে বুলবুল গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে চাঁদা আদায়ে বাধা দেয়।
এ সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করলে ইটের আঘাতে কমপক্ষে আটজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ