সরকার জামায়াতের ফাঁদে পা দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি মশাল মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ অভিযোগ করেন। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে দীর্ঘসূত্রিতার প্রতিবাদ এবং লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায়ের খুনিদের গ্রেফতার দাবিতে এই মশাল মিছিলের আয়োজন করা হয়।
ডা. ইমরান প্রশ্ন তুলে বলেন, রিভিউ করার পর কেন শুনানি হচ্ছে না, কেনই বা শুনানি হতে এক মাস সময় লাগবে- তা জনগণের বোধগম্য হচ্ছে না।
তিনি বলেন, জামায়াতের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারকে বিলম্বিত করা। আর সরকার কোনো না কোনোভাবে তাদের সেই পাতানো ফাঁদেই পা দিচ্ছে।
দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে উল্লেখ করে ইমরান এইচ সরকার বলেন, এভাবে চলতে থাকলে আগামীতে কারও রক্ষা পাওয়ার সুযোগ নেই। এর ফলে অপরাধীরা আরও উৎসাহ পাবে।
অভিজিৎ হত্যকাণ্ডের ঘটনায় রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তমনা মানুষগুলোর পাশে এসে না দাঁড়ালে, এক সময় এ ধরনের ঘটনা আপনাদের সঙ্গেও ঘটতে পারে। তখন সাধারণ মানুষ আপনাদের পাশে দাঁড়াবে না।
এ সময় তিনি এই ধরনের অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের বক্তৃতা শেষে গণজাগরণ মঞ্চের কর্মীরা একটি মশাল মিছিল বের করে।
রাজাকার কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ।
মিছিলটি শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ঘুরে শাহবাগে এসে শেষ হয়।
ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলে গণজাগরণ মঞ্চের সদস্যরা ছাড়াও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এএইচ





