আইএস-এরবিশ্বব্যাপী কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সারা বিশ্বে আইএস নামে যে জঙ্গি সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা ইহুদিদের সৃষ্টি। তিনি বলেন- সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, দেশে জামায়াত বিএনপি থাকবে না। কারণ অগ্নি-সন্ত্রাসের কারণে এদেশের মানুষ তাদের মনেপ্রাণে ঘৃণা করে।

মন্ত্রী আরো বলেন, মিরসরাইয়ের ইকোনোমিক জোনে ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে দেশে স্থাপিত বিভিন্ন ইকোনোমিক জোন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হয়েছে। করেরহাট ইউনিয়ন সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে বিনা প্রতিদ্বন্দিতায় সবাই নির্বাচিত হয়ে।

হাবিলদার বাসা ক্রীড়া সংঘের উদ্যোগে জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ও ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ছালেক কোম্পানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. শাহ জাহান, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এসএম আবুল হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্ল্যা রিপন, ইউপি সদস্য শহীদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমআইএস