চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শিরীন আখতার। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।
সোমবার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি ফ্যাক্সযোগে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) ফরহাদ হোসেন খান।
তিনি বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শিরীন আখতারকে নিয়োগ দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন উপ-উপাচার্য ড. শিরীন আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট দূরীকরণই আমার প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ক্যাম্পাস বিনির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১৭তম উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণ করেন প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়ে যায়।

এম আর