নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুলা কারখানায় এক শিশু শ্রমিককে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার উপজেলার যাত্রমোড়া এলাকায় জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। খুলনায় পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যার এক বছরের মধ্যে এ ঘটনা ঘটল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, নিহত সাগর বর্মণ (১০) ওই কারখানায় শ্রমিকের কাজ করত। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি
তিনি বলেন, দুপুর ২টার দিকে কারখানার অন্য শ্রমিকরা মিলের একটি পাম্প থেকে সাগরের পায়ুপথ দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
গত বছরের ৪ অগাস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে পায়ুপথে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।
ওএফ





