রুবেল (২৬) নামের এক প্রাইভেটকার চালককে দিনদুপুরে ছুরি দিয়ে এলোপাতিরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় সামছুন্নাহার ক্লিনিকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল একই এলাকার মোল্লাপাড়ার আসাদুজ্জামানের ছেলে। তিনি ডা. এমদাদুল হকের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগের ঘটনা। এই ক্লিনিকে রোগী নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স দাঁড় করানো নিয়ে অপর এক অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ও তার সহযোগীরা মিলে সেই অ্যাম্বুলেন্স চালককে মারধর করে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) রাতে ভাড়াটে সন্ত্রাসীরা রুবেলকে মারার জন্য ধাওয়া করে। এসময় রুবেল দৌঁড়ে পালিয়ে কোনভাবে জীবন রক্ষা পান।

তবে বৃহস্পতিবার (৯ জুলাই) আর শেষ রক্ষা হয়নি। এদিন সামছুন্নাহার ক্লিনিকের অদূরে ইস্পাহানী চা’র কার্যালয়ের কাছে রুবেলকে একা পেয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই চালক রুবেলের মৃত্যু হয়।

শহরের বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে রুবেলকে হত্যা করে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইআর