বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ (৩০ অক্টোবর) মঙ্গলবার রাজশাহী সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘৫ম কর্নেল অব দ্য রেজিমেন্ট’হিসেবে জেনারেল আজিজ আহমেদকে অভিষিক্ত করা হয়। আর ওই অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন সময়ে এই বাহিনীর সদস্যরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সেনা প্রধান বলেন, বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও রয়েছে তাদের অভূতপূর্ব অবদান। এছাড়া আগামীতেও সেনাবাহিনী জাতীয় যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
দেশের সেনাবাহিনীতে আজিজ আহমেদই প্রথম জেনারেল, যিনি একাধারে আলাদা চারটি রেজিমেন্ট/কোরের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’নির্বাচিত হয়েছেন।
এর আগে রাজশাহীর অনুষ্ঠানস্থলে সেনাপ্রধান পৌঁছালে তাকে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিনিয়র অধিনায়ক, সুবেদার এবং মেজর সেনাপ্রধানকে কর্নেল অব দ্য রেজিমেন্টের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’-এ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এমবি





