কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাবিরছড়া সৈকতের ঝাউবাগান থেকে ১১৭টি কাছিমের ডিমসহ একজনকে আটক করেছে বনকর্মীরা।

শনিবার দুপুর ২টায় এ ডিমসহ তাকে হাতেনাতে আটক করেছে।

কাছিমের ডিম চুরির দায়ে আটক ব্যক্তির নাম দিলীপ কুমার শীল (৩৫)। টেকনাফ সদরের উত্তর লম্বরিপাড়া গ্রামের সতিশ কুমার শীলের ছেলে। দিলীপকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রাজারছড়া বনবিট কর্মকর্তা আলমগীর কবির জানান, বনকর্মীদের নিয়ে সৈকতে টহল দেওয়াকালে কাছিমের ১১৭টি ডিমসহ দিলীপকে আটক করা হয়। দিলীপ কাছিমের ডিম চুরির কাজের জন্য একজন চিহ্নিত ব্যক্তি। এর আগেও সে একই অপরাধে ধরা পড়েছিল।

আটক দিলীপ বনকর্মীদের জিজ্ঞাসাবাদে জানান, তার কুঁড়ানো ১১৭টি ডিম কেবল একটি কাছিমের। আগের রাতে সাগর থেকে উঠে এসে সৈকতের বালুচরে গর্ত করে এসব ডিম ছেড়েছিল। কখন কাছিম ডিম দিতে উঠে আসে এবং কোথায় গর্ত করে ডিম দেয় এসব আগে থেকেই দিলীপ সন্ধান করে রাখে।

বনবিট কর্মকর্তা দিলীপের উদ্ধৃতি দিয়ে আরো জানান, প্রতিটি ডিম টেকনাফের বাজারে ২৫/৩০ টাকা দরে বিক্রি হয়। স্থানীয় উপজাতি এবং রাখাইনরা এসব ডিমের ক্রেতা।

বন বিভাগের স্থানীয়সহ ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল জানান, ডিসেম্বর থেকে গভীর সাগরের প্রাণি কাছিম ডিম দিতে উঠে আসছে সৈকতে। শীলখালী এলাকায় কাছিমের ডিম সংগ্রহের জন্য স্থাপিত সিএমসির হ্যাচারিতে গত দেড় মাসে ২২০টি এবং পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে ২৬টি ডিম সংগ্রহ করা হয়েছে। এসব ডিম থেকে বাচ্চা ফুটানো মাত্রই সাগরের পানিতে ছেড়ে দেওয়া হবে।

এমএম