সমকামী অধিকার বিষয়ক সাময়িকী রূপবানের সম্পাদক জুলহাস মান্নানসহ দু’জনকে হত্যায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান জিন ল্যামবার্ট।
বৃহস্পতিবার ঢাকায় ইইউ দূতাবাস জানিয়েছে, উগ্র সন্ত্রাসবাদ প্রতিরোধে সরকার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে এক হয়ে কাজ করার পরামর্শ দেন এই ইউরোপীয় রাজনীতিক।
বাংলাদেশ সরকারের কাছে নাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধকে নিশ্চিত করার আহ্বানও জানান ল্যামবার্ট।
বিবৃতিতে ল্যামবার্ট বলেন, ‘ইইউ পার্লামেন্টের দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান হিসেবে আমি সম্প্রতি বাংলাদেশে ঘটা হত্যাকাণ্ডগুলোর বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানাই। বিশেষ করে সমকামী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার বিষয়ক পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাস মান্নানসহ দু’জনকে হত্যার জন্য’।
তিনি বলেন, ২০১৫ সালের ফেব্রুয়ারির পর থেকে সন্ত্রাসীরা বাংলাদেশে সেক্যুলার লেখক ও ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করছে। এভাবে এ মাসে একজন আইনের ছাত্র ও ইংরেজি বিভাগের শিক্ষককে হত্যা করা হয়েছে।
জিন ল্যামবার্ট বলেন, ‘আমরা জুলহাস এবং অন্য নিহত ও আহত ভুক্তভোগীদের জন্য সমবেদনা প্রকাশ করি। যারা এ ধরনের বর্বর ঘটনা ঘটাচ্ছে, তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি’।
তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে ইইউ বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছে, গণতান্ত্রিক মূল্যবোধকে নিশ্চিত করুন। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার ওপর ইউরোপীয় পার্লামেন্ট রেজ্যুলেশনে (২০১৫) বলা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের বাসায় ঢুকে ইউএসএঅাইডি কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ৫-৬ জন যুবক।
এমবি





