পাবনার প্রকাশ্যে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- আব্দুল গফুর (৫৫) ও মুদি দোকানদার ইদ্রিস আলীকে (৪২)।  

আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

নিহত আব্দুল গফুর আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লালপতাকা) আঞ্চলিক নেতা ও ইদ্রিস আলী গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে।

হত্যার পর গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা চলে যায় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেবাড়িয়া বাজারের দুই দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট ও মুখোশ পরা একদল লোক ইদ্রিস আলীর মুদি দোকানে হামলা চালায়।

“এ সময় তারা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য গফুর এবং ইদ্রিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।”

এ সময় ভয়ে বাজারের ব্যবসায়ীসহ অন্যরা ছুটোছুটি করতে থাকে এবং মুহূর্তের মধ্যে বাজারের সব দোকান পাট বন্ধ হয়ে যায়।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। চরমপন্থি সংশ্লিষ্ট ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” বলেন ওসি।

এমবি