চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের কৃষক হোসেন বেপারীকে(৬০) মসজিদে নামাজ পড়তে আসার পথে কুপিয়ে হত্যা করেছে এলাকার সংঘবদ্ধ মাদকাসক্ত যুবকদল।

বুধবার ভোরে এই হত্যার ঘটনা ঘটে। তিনি সাহেবগঞ্জ মৃত আবদুল হালিম বেপারীর ছেলে।

মসজিদের মুসল্লি কাশেম জানায়, প্রতিদিন হোসেন বেপারী মসজিদে নামাজ পড়তে আসে। আজ মসজিদে না দেখে অনেকেই খোঁজাখুঁজি করে। নামাজ পড়ে যাওয়ার পথে কাশেম রাস্তার পাশের জঙ্গলে গোঙানির আওয়াজ শুনে রক্তাক্ত অবস্থায় হোসেনকে পড়ে থাকতে দেখে। পরে পাশের বাড়ির লোকজনকে জানালে তারা এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। সকাল ৮টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত বলে জানায়।

নিহতের বোন আনোয়ারা বেগম বলেন, ‘ঘটনার খবর শুনে আমরা ফরিদগঞ্জ হাসপাতালে ছুটে আসি। আমার ভাইয়ের মৃত্যুর আগে হামলাকারীদের মধ্যে আব্দুল্লাহ, আমির, মিজান, নেয়ামত, রবিউল, সানাউল্লাহ, ফিরোজ মেম্বারসহ আরো বেশ কয়েকজনের নাম বলে। তারা তাকে কুপিয়ে ঝোপে ফেলে দেয়।’

নিহতের ছেলে সাইফুল বলেন, ‘হামলাকারীদের মধ্যে আব্দুল্লাহ মদ খেয়ে মাতলামী করায় তাকে শাসন করে তার বাবা। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই থেকে তারা পরিকল্পনা করে তার বাবাকে হত্যা করেছে।

মাদকাসক্তরা বাবার মাথায় ও হাতে কুপায় এবং পেটে ধারালো দেশীয় অস্ত্র ডুকিয়ে দেয়। এর আগে একবার হামলা করেছিল।’

খবর শুনে চাঁদপুর মডেল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নিয়েছে। হত্যার ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

ইআর