করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৪০) মারা গেছেন।
আজ (১৪ আগস্ট) শুক্রবার ভোররাতে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুমন আলী চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা এলাকার আব্দুল লতিফের ছেলে। বড়াইগ্রাম হাসপাতালে দেওয়া নমুনায় তার নেগেটিভ এসেছিল। পরে শ্বাসকষ্ট শুরু হলে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর- রশিদ ইন্সপেক্টর সুমন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ০২ আগষ্ট তিনি করোনায় আক্রান্ত হলে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও বলেন, “নম্র, ভদ্র, বিনয়ী এবং নিজের কর্মের প্রতি আন্তরিক এই পুলিশ অফিসারের সাথে আমার ছিল আত্মিক সম্পর্ক। অসংখ্য মামলার তদন্তে আমরা দিন-রাত এক সাথে কাজ করেছি। নিবেদিত প্রাণ এ পুলিশ অফিসারের কথা ভুলবার নয়। একমাত্র মেয়ে সুপকা (৫) এবং ভাবী রাবেয়া জান্নাতকে নিয়ে ছিল তার সংসার। এভাবে চলে যাওয়ায় তার পরিবার এবং পুলিশ সার্ভিসের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়। মহান রাব্বুল আলামিন যেন করোনা যুদ্ধের এই ফ্রন্টলাইনারকে বেহেশত নসিব করেন।”
এমবি





