এবার ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটারের বিপরীতে সম্ভাব্য ৪২ হাজার ভোটকেন্দ্র লাগবে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ইসির ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সংশ্লিষ্টদের নিয়ে সব নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শন করে এ তালিকা প্রস্তুত করেছে।
নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে ৩০০ সংসদীয় আসনে পোলিং সেন্টার স্থাপনের জন্য সময়সূচিও নির্ধারণ করে দিয়েছে ইসি।
একই সঙ্গে তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর। সেই তালিকা মাঠ পর্যায় থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ২৪ সেপ্টেম্বর ইসি সচিবালয়ে পাঠাতে হবে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, সবার সুবিধার্থে খসড়া ভোটকেন্দ্রের তালিকা বুধবার জেলা ও উপজেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং ইউনিয়ন পরিষদে প্রকাশ করা হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলেও সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো ভোটকেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা সরেজমিন যাচাই করে রিটার্নিং অফিসার জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
এমবি





