চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ একর জায়গায় ১০০ কোটি টাকা ব্যয়ে আইসিটি পার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরিকে ডিজিটালাইজড করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি হবে। ২০ লাখ বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘দক্ষ মানব সম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের অভিযাত্রাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে তথ্য-প্রযুক্তিতে যুগোপযোগী আধুনিক মানব সম্পদে রূপান্তর হওয়ার আহবান জানান।
তথ্য-প্রযুক্তি খাতে সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণ শিক্ষার্থীদের আইটিতে উন্নত ক্যারিয়ার গড়ে তোলার পথ সুগম হয়েছে। আমাদের তরুণ শিক্ষার্থীরা যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানব সম্পদে রূপান্তর হবেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাঙ্খিত ও দৃশ্যমান ভূমিকা রাখবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিজ্ঞান মনস্ক, তথ্য-প্রযুক্তিতে আধুনিক জ্ঞান সম্বলিত এবং আলোকিত মানব সম্পদ উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য-প্রযুক্তির অভূতপূর্ব বিপ্লব রচিত হয়েছে।
তিনি বলেন, এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের তরুণ শিক্ষার্থীদের সকল বাঁধা অতিক্রম করে বিশ্ব মানের আইটি প্রফেশনাল হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, এসবিবি-এর রিজিওনাল ম্যানেজার মাইনুদ্দিন, বিসিসি-এর নির্বাহি পরিচালক এস এম আশরাফুল ইসলাম, আইটি ডিভিশনের আইটি কর্মকর্তা সামি আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এম আর





