দুই দিন আগে অপহৃত এক যুবককে যশোর জেলা যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলমের আস্তানা থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ ঘটনায় যুবলীগ নেতা ফিরোজসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার কাজিপুর পশ্চিমপাড়ার ডা. আবদুর রাজ্জাকের ছেলে নান্টুকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নান্টুর ভাই জিএম মামুন হাসান তিনজনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা করেন। নান্টুকে উদ্ধারে র্যাব ও পুলিশের দুটি টিম যৌথভাবে অভিযান শুরু করে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামালউদ্দিন জানান, নান্টুর মুঠোফোন ট্রাক করে তার অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন কসবা বিধুভূষণ রোডে আলী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে নান্টুকে উদ্ধার ও তিন যুবককে আটক করা হয়।
আটক যুবকরা হলো- জেলা যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলম, তার সহযোগী প্লাবন ও অরেঞ্জ। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী রাতেই অপহরণ পরিকল্পনার মূল নায়ক শহরের স্বর্ণপট্টি এলাকার বাবু ওরফে সোনা বাবুকে আটক করে র্যাব।
এলাকাবাসী জানায়, আলী মিয়ার বাড়িটি দখল করে যুবলীগ নেতা ফিরোজ আলম গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে। এখানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। পুলিশ জানায়, অভিযানের সময় আস্তানাটি থেকে গাঁজা ও ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে।
এসআই জামালউদ্দিন জানান, ভিকটিম ও অপহরণকারীদের প্রথমে র্যাব কার্যালয়ে নেয়া হয়। পরে তাদের যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করে র্যাব।
ঘটনার ব্যাপারে অপহরণ ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
কেএইচ





