মানিকগঞ্জ সদর উপজেলায় ডিবি পরিচয়ে মোবারক হোসেন (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দিঘী ইউনিয়নের কোটাই গ্রামের মৃত বাহাদুরের ছেলে মোবারক ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে ৫ লাখ টাকা তুলে টেম্পুযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ভাটবাউর এলাকায় নামলে একটি হায়েস গাড়ি থেকে ৭/৮ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তল্লাশি করার কথা বলে। পরে তারা মোবারককে মারধর করে ওই টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। মোবারক হোসেন আকিজ পার্টিকেল বোর্ডের কাঠ সাপ্লাইয়ের ব্যবসা করেন।

মানিকগঞ্জ সদর থানার এসআই শাহ আলম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ