সুশাসন ছাড়াও দেশে উন্নয়ন সম্ভব বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ আকবর আলি খান।
তিনি বলেন, হরতাল ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও চলতি বছর ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশে।
তিনি বলেন, অনেক দেশেই সুশাসন নেই। কিন্তু সে সব দেশে উন্নয়ন হয়েছে। এর মধ্যে চীন অন্যতম। চীন সুশাসনে পিছিয়ে আছে। কিন্তু তারা উন্নয়নে অনেক এগিয়ে রয়েছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নাগরিক ঐক্য’-এর উদ্যোগে আয়োজিত ‘চীনের সাফল্য এবং বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ সব কথা বলেন।
আকবর আলি খান বলেন, সুশাসনের দিক থেকে চীন অনেক পিছিয়ে রয়েছে। সেখানে মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসনের বিকল্প নেই।
তিনি বলেন, দেশে ‘সমগ্রবাদী’ প্রবণতা দেখা দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এসব বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেই ‘তত্ত্বাবধায়ক’ সরকার প্রয়োজন।
তিনি আরো বলেন, উন্নয়নের দিকে যেতে হলে চীনের কাছ থেকে সুবিধা নিতেও হবে, দিতেও হবে। আবার নিজেদের স্বার্থ হাসিলে সবসময় তৎপরও থাকতে হবে।
সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার একদলীয় শাসন চালাচ্ছে। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। উন্নয়নের জন্য আগে দেশের প্রশাসন নিয়ন্ত্রণ করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ‘সাপ্তাহিকী’-এর সম্পাদক গোলাম মর্তুজা, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, হোসেন মনসুর প্রমুখ।
এএইচ





