গাইবান্ধায় স্ত্রী শোভা রানীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী মো. জেলাল মিয়ার (৩৬) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

জেলার সিনিয়র জুডিশিয়াল- ২ (ফুলছড়ি) আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জেলালের বাড়ি সদর উপজেলার চুনিয়াকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।

জেলা জজ আদালতের আইনজীবী রওশন আলম কাজল মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের কাওছার আলীর মেয়ে শোভার সঙ্গে ২০১২ সালে সদর উপজেলার চুনিয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে জেলালের বিয়ে হয়। বিয়ের পর থেকে জেলাল স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। তবে শোভা ও তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে জেলাল মিয়া শোভাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। ২০১৪ সালে শোভা বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে জেলালের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

জেলার সিনিয়র জুডিশিয়াল- ২ (ফুলছড়ি) আদালতের আদালত পরিদর্শক মো. আবদুল মজিদ জানান, রায়ের সময় জেলাল অনুপস্থিত ছিলেন। তাই তিনি যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে রায়ের মেয়াদ গণনা শুরু হবে।

কেএইচ