চিকিৎসায় অবহেলার কারণে কারাবন্দি কুষ্টিয়া জেলা বিএনপির নেতা সাধারণ সম্পাদক এমএ শামীম আরজুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকার বৃহস্পতিবার কারাগার থেকে হাসপাতাল নেয়ার পরপরই মৃত্যু হয় তার।

এর আগে সকালে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিপূর্ণ চিকিৎসা ছাড়াই দুপুরে পুনরায় তাকে কারগারে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৩ টায় অবস্থার অবনতি দেখলে পুনরায় হাসপাতালে নেয়ার পরপরই মৃত্যু হয় আরজুর।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে এমএ শামীম আরজুর মৃত্যু হয়। তিনি ব্রেইনে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেল সুপার জাকের হোসেন জানান, কারাবন্দি বিএনপি নেতা আরজু অসুস্থ অনুভব করলে তাকে জরুরি ভিত্তিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে বিএনপি নেতা ও পরিবারের সদস্যদের অভিযোগ চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি নেতা আরজুর মৃত্যু হয়েছে। আদালতের নির্দেশনা ছিল তাকে উন্নত চিকিৎসা দেয়ার। গুরুতর অসুস্থ আরজুকে সকালে হাসপাতালে নিয়ে আসা হলে কেন তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হলো। সে সময় হাসপাতালে ভর্তি রাখা হলে হয়তো এমন পরিণতি নাও হতে পারত।

বিএনপি নেতার স্ত্রী হাসিনা শামীম বলেন, বিনা অপরাধে আমার স্বামীকে (আরজু) পুলিশ গ্রেফতার করেছিল। অসুস্থ অবস্থায় ২৬ মার্চ কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আরজু। কিন্তু কোনো প্রকার কারণ ছাড়াই তাকে গ্রেফতার করে পুলিশ। অথচ তাকে গ্রেফতার দেখানো হয় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায়। মিথ্যে কলঙ্ক নিয়ে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। যাদের জন্য তার স্বামীর মৃত্যু হলো তাদের বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম।

উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুষ্টিয়া কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন এ বিএনপি নেতা। এরপর থেকে কারাবন্দি ছিলেন তিনি।

জেড