লালমনিরহাটের হাতীবান্ধায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোনিব হোসেন(২) নামে একটি শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বড়খাতা দোয়ানী মোড়ে বড়খাতা-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোনিব হোসেন রংপুরের পীরগঞ্জ এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
বড়খাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইব্রাহীম মিয়া জানান, মোনিব হোসেন তার বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে পাটগ্রামের তিন বিঘা করিডোরে বেড়াতে যাচ্ছিল। পথে দোয়ানী মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোনিবের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় আহত লিটন, লিমা ও সওকতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেইউ





