বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের সন্ধানের গুজবে জড়িত মোখলেসুর রহমান (২৮) ও আলীম সিকদার(২৭) নামে দুইজনকে আটক করেছে চট্টগ্রামে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ও রবিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মোখলেসুর রহমান জামালপুর জেলার দেওয়ানবাজ উপজেলার মুজিবুর রহমানের ছেলে এবং আলীম সিকদার ঝালকাঠি জেলার কাটালিয়া উপজেলার পাইল পুরিয়া গ্রামের রুস্তম সিকদারের ছেলে। মোখলেসুর রহমান নগরীর আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকায় এবং আলীম সিকদার সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ভাড়া থাকতেন। তারা দুইজনই কাপড়ের ব্যবসা করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) এসএম তানভীর আরাফাত জানান, আটকের পর দুইজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুজব রটানোর বিষয়টি স্বীকার করে অর্থ হাতিয়ে নিতে চেয়েছিল বলে জানান তারা। কয়েকদিন আগেই তারা সালাহ উদ্দিনের সন্ধানের গুজব সৃষ্টির পরিকল্পনা করে।
তিনি জানান, দুইজনই এমন দুর্গম স্থান নির্বাচন করে যেখানে পুলিশের পৌঁছাতে সময় লাগতো ২-৩ ঘণ্টা। তারা একে অপরকে দোষারোপ করেন।
মোখলেসুর জানান, আলীমের পরিকল্পনায় সব করেছেন তিনি। ফোন করার পর ওসির সঙ্গেও কথা বলেছেন আলীম। তবে আলীম বিষয়টি পুলিশের কাছে অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে।
তারা স্বীকার করেছে, এর আগে নতুন সিম কিনে ঢাকার উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে জানান, বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন গাইবান্দা জেলার ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের পারুল গ্রামে জনৈক সিরাজুল ইসলাম মাস্টারের বাড়িতে আত্মগোপনে আছেন।
তবে খবরটি উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তরা পুলিশ হেডকোয়ার্টারে হয়ে গাইবান্দা পুলিশ সুপারকে অবহিত করেন। গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো খোঁজ না পেয়ে পুলিশ বিষয়টিকে গুজব বলে জানান। এরপর শুরু হয় গুজব সৃষ্টিকারীদের আটকের অভিযান।
জেআই





