ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন।

সদর উপজেলার চর পুকুরিয়া গ্রামে সোমবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী জানান, চর পুকুরিয়া গ্রামের মাহাবুর মোল্যার একটি ভ্যান চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিউল মোল্যার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মোল্যার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক বসে। বৈঠকে জাহাঙ্গীর মোল্যার ছোট ভাই মফিজ মোল্যাকে দায়ী করা হয়। এরই জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে মহিলাসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। তার মধ্যে নয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ