মোটর বিকল হয়ে যাওয়ায় জেলার সদর আধুনিক হাসপাতালে চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীসহ হাসপাতালে আসা আত্মীয়স্বজনরা। হাসপাতালের কাছে কোনো দোকান না থাকায় আধা কিলোমিটার দূর থেকে পানি কিনে আনতে হচ্ছে তাদের।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ হাসপাতালের পানি তোলার মোটরটি বিকল হয়ে যায়। এরপর থেকে পুরো হাসপাতালে পানি সংকট দেখা দেয়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের সঙ্গে আসা আত্মীয়স্বজনরা। চারদিনেও পানি সরবরাহের মোটরটি মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের ভুক্তভোগী মাহিদা আক্তার জানান, শনিবার সকালে চিকিৎসা নিতে আমি ও আমার অসুস্থ মা হাসপাতালে ভর্তি হয়েছি কিন্তু আসার পর থেকেই পানি না থাকায় বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে পানি কিনে এনে প্রয়োজনীয় কাজকর্ম চালাচ্ছি।

সদর উপজেলার রিচি গ্রামের রহিমা খাতুন বলেন, আমার গর্ভবতী মেয়েকে নিয়ে রোববার সকালে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন পর্যন্ত হাসপাতালে পানি না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।

ব্যাংককার মো. আফরোজ মিয়া বলেন, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে। খাবার পানি কিনে আনলেও বাচ্চাকে পরিষ্কার-পরিচ্ছন কাজ কি কেনা পানি দিয়ে করা সম্ভব।

সিভিল সার্জন ডা. নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, শুক্রবার বিকালে বৈদ্যুতিক সমস্যার কারণে পানি তোলার মোটরটি বিকল হয়ে যায়। আমরা যথারীতি এটি মেরামতের চেষ্টা করছি। এরই মধ্যে রোগীদের সেবার জন্য বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত রোগীর চাপ থাকায় সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা করছি।

কেএইচ