রাজধানীর তেজকুনি পাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. আবদুল আজিজ নামে এক তরুণ খেলার সঙ্গীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর তেজকুনি পাড়ায় এ ঘটনা ঘটে।

খেলাঘর খেলার মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুই গ্রুপে দ্বন্দ্ব হয়। এর জের ধরে মো. আবদুল আজিজ নামে ওই তরুণ খেলার সঙ্গীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

মঙ্গলবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এলাকার বড় ভাই, ছোট ভাই গ্রুপে দ্বন্দ্ব হয়। একপক্ষে ছিলেন মাফিজুল ইসলাম, মো. আবদুল আজিজ অপরপক্ষে ছিলেন স্থানীয় সাইমুম, মনির, রনি, জুয়েল, জসীম। দ্বন্দ্বের জেরে সাইমুম, মনির, রনি, জুয়েল, জসীম, মাফিজুল ইসলামকে দেখে নেওয়ার হুমকি দেয়।

বুধবারও এ নিয়ে দ্বন্দ্ব হয়। এ সময় আবদুল আজিজ মাফিজুলের পক্ষ নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এতে প্রতিদ্বন্দ্বী গ্রুপের ছুরিকাঘাতে আবদুল আজিজের মৃত্যু হয়।

বুধবার পৌনে ৪টার দিকে সুমন, সাইমুর, মনির, জুয়েল, জসীম রক্তাক্ত আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন।

প্রথমে ওই তরুণরা জানান, কে বা কারা আজিজকে ছুরিকাঘাত করেছে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দ্বন্দ্বের কথা স্বীকার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে হাসপাতালে আসা জসীম স্বীকার করেছে- সাইমুমই আজিজের মাথায় ছুরিকাঘাত করেন।

সাইমুমের এক হাত রক্তাক্ত। ধারালো অস্ত্রের আঘাতে তার আঙুল কেটে গেছে। এ থেকে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সাইমুমের হাতেই আজিজের মৃত্যু হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ওই তরুণদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

এমই