ঢাকা রামপুরা এলাকায় পাচারকারী সন্ধেহে আরিফ, জাকিয়াসহ ৪ সেচ্ছাসেবক কর্মীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে 'তারুণ্য' নামের একটি স্বেচ্ছাসেবী মূলক সংগঠন।
শনিবার বিকেলে ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি আল-মাকসুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারুণ্যকর্মী মুস্তাফিজ, উবায়দুল, প্রিয়ম, পরিজাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা পথ শিশুদের শিক্ষিত মানুষ হিসেবে বাঁচতে শিখায়, যারা নিজের খরচের টাকা বাঁচিয়ে ঐসব শিশুদের মুখে হাসি ফোটায় আজ তাদের বিরুদ্ধে শিশু পাচারের মামলা দেওয়া হয়েছে।
এর তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, যারা সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করেন তাদের এমন অবস্থা হলে কেউ এপথে আসতে চাইবে না। পথ শিশুরা পথ শিশুই থেকে যাবে তারা কখনো আলোর মুখ দেখবে না।
বক্তারা অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চার স্বেচ্ছাসেবীকে অবিলম্বে মুক্তি দিয়ে ঐসব শিশুদের কাছে আবার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের নিকট আহবান জানান।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি আবাসিক ভবন থেকে শিশু পাচারকারী সন্দেহে আরিফ, জাকিয়া সহ ৪ সেচ্ছাসেবক কর্মীকে আটক করে পুলিশ।
এ সময় ওই ভবন থেকে ১০টি শিশুকেও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে ৯ জনই পথশিশু।
আটককৃতরা অদম্য বাংলাদেশ নামে একটি এনজিও চালান। এই এনজিওর অধীনেই তাঁরা পথ শিশুদের রেখে পড়াশোনা করান।
এমকে





