নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে  গৃহবধূ জান্নাতুল ইসলাম জেনি হত্যার দায়ে বদিউজ্জামান বাদশাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ লুৎফা বেগম এ আদেশ দেন।

আসামি বদিউজ্জামান বাদশা পলাতক রয়েছেন। নলুয়াপাড়া এলাকার মৃত সজল মিয়ার ছেলে বাদশা।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ জানুয়ারি পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে জেনিকে নির্যাতন করে বাদশা। পরে তার পরিবারের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা এনে দেয়। ৫০ হাজার টাকা বাকি থাকায় জেনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহত জেনির বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আসাদুল্লাহ সাগর ও হাবিবউদ্দিন। আসামি পক্ষে ছিলেন মো. খোকন। রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন রাকিবুল হাসান।

রায় প্রকাশের পর জেনির বাবা সন্তোষ প্রকাশ করেন। তিনি আসামিকে দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানান।  

জেআই