মশা নিয়ে রাজনীতি কাম্য নয়, ডেঙ্গুতে সাড়ে ৩ লাখ আক্রান্ত যে তথ্য এসেছে সেটা সম্পূর্ণভাবে কাল্পনিক। ছেলে ধরা আর সাড়ে ৩ লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা। সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ জনগণকে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করবে। ডেঙ্গু রোগীদের পাশে থেকে, সঙ্গে থেকে ডেঙ্গু মোকাবেলার মধ্যে দিয়ে এর কঠিন জবাব দেবার জন্য সরকার সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র একথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ প্রমুখ।
সারা দেশব্যাপী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
দুই সিটির সমন্বয়হীনতা নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। অবশ্যই আমাদের লক্ষ্য একটাই কিভাবে মশা নিধন করতে পারব। আমাদের পথ ভিন্ন থাকতে পারে কিন্তু লক্ষ্য একটাই। আমরা বিশ্বাস করি আমাদের ঢাকা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করে মশা নিধন করতে পারব। এটা আমাদের চ্যালেঞ্জের ব্যাপার।
এসএম





