শেরপুরের ঝিনাইগাতীতে নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোমেশ্বরী নদীর দক্ষিণ দাঁড়িয়ারপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

৬৫ বছর বয়সী ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গতকাল সন্ধ্যায় এলাকাবাসী নদীতে এক নারীর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সীমান্তের ওপার ভারত থেকে সোমেশ্বরী নদী দিয়ে ভেসে আসতে পারে। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

এমআর