সাত দিনের মধ্যে পার্বত্য অঞ্চলের বিভিন্ন হাসপাতালের শূন্যপদে ডাক্তারদের পদায়ন করে পূরণ করা হবে বলে পার্বত্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে জানানো হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রণালয়ের চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিটি সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীদের সভাপতিত্বে কমিটি সদস্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এম,আবদুল লতিফ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু ) এবং এমএ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পার্বত্য অঞ্চলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ও পার্বত্য অঞ্চলে ডাক্তারদের শূন্যপদ পূরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পার্বত্য অঞ্চলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যে সকল কার্যক্রম আছে আইন অনুযায়ী সে সকল কর্মকাণ্ড পার্বত্য জেলায় যত দ্রুত সম্ভব হস্তান্তর করা ও বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষা এবং বন সংরক্ষণে আরও যত্নবান হওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে সকল বদলী করা হয় সে বিষয়ে পার্বত্য চট্রগ্রাম জেলার সংশ্লিষ্ট জেলা পরিষদের অনুমোদন ও মন্ত্রণালয় এবং জেলা পরিষদকে অবহিত করার সুপারিশ করা হয়।

পার্বত্য চট্রগ্রামে অঞ্চলে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে যে সকল বরাদ্দ ও উন্নয়নমূলক কাজ হয় তা মূল বাজেটে অন্তর্ভূক্ত করার জন্য সমস্ত বরাদ্দের অনুলিপি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয় ।

বৈঠকে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ