রংপুরে একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ৮টার দিকে নগরীর গুপ্তপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার ওসি কাদের জিলানী জানান, বুধবার দিবাগত রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গুপ্তপাড়া মহল্লার সার্জেন নামে এক ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া নগরীর বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

জেআই