চোখের দৃষ্টি ভালো করতে গিয়ে চিরদিনের জন্য একচোখ নষ্ট হয়ে গেছে চুয়াডাঙ্গার ২০ রোগীর। শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতালে, চোখের ছানি অপারেশন করার পর, ২৪ রোগীর মধ্যে ২০ জনেরই চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে হাসপাতালের কার্যক্রম।
৫ মার্চ চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতালে চোখের ছানি অপারেশন হয় ২৪ জনের। ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে যান রোগীরা।
কিন্তু কদিন যেতেই সংক্রমণ দেখা দেয় ২০ জনের। পরে তাদের ঢাকায় নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তির পর দেখা যায় সবারই একটি করে চোখ নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত তুলে ফেলতে হয় তাদের চোখ।
এ ঘটনার পর চুয়াডাঙ্গার মাসুদুল হক হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে গঠন হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। দোসরা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই তদন্ত কমিটিকে।
জেড





