মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঢাকা-টঙ্গীবাড়ি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় কনিকা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পঞ্চসারের বনিক্যপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জামাল হোসেনের মেয়ে কনিকা আক্তার ১৯নং ভট্টাচার্যের-বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

সকালে সে স্কুল খোলা ভেবে দৌড়ে রাস্তা পারাপারের সময় সিপাহীপাড়াগামী একটি যাত্রীবিহীন ব্যাটারীচালিত অটো সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

এসময় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

হাতিমারা পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা হলে ময়নাতদন্ত শেষে দুপুর ১টায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এমকে