রাজবাড়ীর কালুখালীতে একটি দোনালা বন্দুক ও বন্দুকের গুলিসহ মিজানুর রহমান মণ্ডল (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের দাবি, মিজান সন্ত্রাসী বাহিনীর প্রধান। তিনি কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পারকুলা গ্রামের মৃত মোবারক আলী মণ্ডলের ছেলে।
কালুখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নূরে আলম ফকির জানান, রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের চৌমুখ গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী বিপুল ও মিজান বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও মৃগী পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী দোনলা বন্দুক ও এক রাউন্ড তাজা বন্দুকের গুলিসহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রসী মিজানকে গ্রেফতার করা হয়।
ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের গুলি বিনিময়ের সময় মিজানের পায়ে গুলি লেগেছে। তিনি রাজবাড়ী সদর হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
মিজানের বিরুদ্ধে কালুখালী থানায় পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়াসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
কেএইচ





