সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বজায় রাখা হবে।”
তিনি আরও বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন বদলে গেছে। তাই সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলায় বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে।
পুলিশের পেশাদারিত্ব বাড়াতে জঙ্গল সলিমপুর এলাকায় দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে একটি এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ ফোর্সের জন্য ব্যবহৃত হবে।
তিনি বলেন, এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়ন করা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া জমি পাওয়া সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ ‘পুলিশ স্পোর্টস কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতিতে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অনলাইন জিডিসহ সব ধরনের সেবা দ্রুত দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির।
সভায় পুলিশের আধুনিকায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনসেবামুখী পুলিশিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এস