রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় যুবলীগ নেতা খালেদ মাহমুদের ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু করে র‌্যাব-৩ এর একটি দল। এতে নেতৃত্বে দিচ্ছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান।

সারওয়ার আলম বলেন, ‘আমার নেতৃত্বে ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতে অভিযান চলছে। জুয়া খেলা অবস্থায় অভিযানে এখনো পর্যন্ত নারী ও পুরুষ মিলে ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সারওয়ার আলম আরো বলেন, ‘ক্যাসিনোর ভেতর থেকে প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে। এসব টাকা আমরা এখনো গণনা করতে পারিনি। অভিযান শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

ঘটনাস্থলে থেকে দেখা যায়, অভিযানকে কেন্দ্র করে ক্যাসিনোর ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ক্যাসিনোর চারদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব।

এএস