গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীতে ভবন নির্মাণে নকশা অনুমোদনের সময় গাড়ি পার্কিংয়ের বিষয়টি থাকলেও সেখানে গাড়ি রাখা হয় না। কোথাও রেস্টুরেন্ট অথবা অন্য কোনো স্থাপনা নির্মাণ করা হয়, রাজধানীর ৮০ শতাংশ ভবনের চিত্র এমনই।

বুধবার (২৩ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

গণপূর্ণমন্ত্রী বলেন, গাড়ি পার্কিংয়ের স্থানে যেসব স্থাপনা করা হয়েছে, সেগুলো আমরা উদ্ধার করছি। এছাড়া গাড়ি রাখার খালি জায়গাতে এমন কিছু রেস্টুরেন্ট বা স্থাপনা তৈরি করা হয়ে থাকে, সেগুলো ভাঙতে গেলে কোর্ট থেকে তারা স্থগিতাদেশ নিয়ে আসে; তখন আমাদের কিছু করার থাকে না। এ ক্ষেত্রে আমাদের কোর্ট সহযোগিতা করার জন্য আহ্বান জানায়।

নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখা হলে রাজধানীর যানজট অনেক কমে যাবে, কিন্তু তা করা হয় না। গুলশানে রাজউকের গাড়ি পার্কিংয়ের একটি জায়গা থাকলেও সেটা প্রায় ফাঁকাই থাকে, বলেন তিনি।

পার্কিংয়ের জায়গা বাড়ানো ও নির্দিষ্ট জায়গায় পার্কিং করলে রাজধানীর যানজট অনেক‍াংশে কমে আসবে বলে মনে করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বাস, ট্রাক ভিড় করতো, এমন ১০টি সংকটবহুল স্থান থেকে টার্মিনাল সরানো হয়েছে।

এছাড়া যানজট কমানোর জন্য ৩ হাজার নতুন বাস নামানোর কাজে হাত দিয়েছি, পাঁচটি লেনে পাঁচ রংয়ের বাস চলবে, কেউ লেন বন্ধ করবে না। কিন্তু এটি একটি বড় কাজ। তা করতে পারলে রাজধানীতে যানজট থাকবে না।

তিনি বলেন, ইউ ল‍ুপ নির্মাণ করে ইতোমধ্যে যানজট নিরসনের সুফল পাওয়া যাচ্ছে। রাজধানীতে আরও ২১টি ইউ লুপ নির্মাণ করা হবে।

‘গুলশান এলাকায় অনেক স্কুল-কলেজ ও বিশেষ করে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গাড়ির জন্য যানজট লেগে থাকে। এই এলাকায় ইউনিভার্সিটি বেশি, একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, এতে যানজট লেগে থাকে। সড়কের উপর গাড়ি রাখার কারণে একদিনে এমন ৫২টি গাড়িকে জরিমানা করা হয়েছে,’ বলেন মেয়র আনিসুল হক।

তিনি বলেন, পরবর্তীতে সড়কের উপর গাড়ি পার্কিং করা হলে পাঁচ হাজার টাকা করে জরিমানা করতে হবে, এতে সড়কের উপর গাড়ি রাখা কমবে। 

নগরবাসীকে সব ধরনের আইন মেনে চলার পরামর্শ দিয়ে মেয়র বলেন, জনগণ যদি আইন মানেন, তাহলে দুই মেয়রকে রাজধানীর উন্নয়ন কাজ করতে সহজ হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায়  একাধিক মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও সড়ক পরিবহন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এম আর