কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনুর জামান এ রায় দেন।
ইউএনও শাহিনুর জামান জানান, মা-ইলিশ সংরক্ষণে শুক্রবার ভোররাতে পদ্মা নদীর কুমারখালীর হাসিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫টি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ৯ জেলেকে আটক করা হয়।
পরে আটককৃত ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। জব্দকরা কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে পুড়িয়ে ফেলার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জব্দ করা ৫টি নৌকা স্থানীয়দের কাছে নিলামে বিক্রির আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২২ দিন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
সবুজ/এমবি





