ক্ষতিপূরণ প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ ১১ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটি ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন। তারা এসব দাবি ২৯ নভেম্বরের মধ্যে মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে।

নৌযানশ্রমিকদের সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বরের মধ্যে ১১ দফা দাবি না মানলে ওই দিন রাত ১২টার পর থেকে লঞ্চ ধর্মঘট শুরু করার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। শ্রমিকদের অন্য দাবিগুলো হচ্ছে মেরিন আইনের সঠিক বাস্তবায়ন এবং সব ধরনের শ্রমিক হয়রানি বন্ধ, সব শ্রমিকের খাদ্য ভাতা প্রদান এবং কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ। ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আবারও আন্দোলনে নেমেছে নৌযান শ্রমিক ফেডারেশন।

আজ সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটি ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের অধীন শ্রমিকেরা যৌথভাবে বরিশাল নদীবন্দর এলাকায় এই দাবি আদায়ের লক্ষ্যে মিছিল বের করেন। নৌবন্দর এলাকায় বিক্ষোভ শেষে তাঁরা সমাবেশ করেন।

সমাবেশ চলাকালে নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, ‘এই ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আগে বেশ কয়েকবার আন্দোলন করেছি। মন্ত্রীদের আশ্বাসে প্রতিবারই আমরা আন্দোলন প্রত্যাহার করলেও আমাদের অধিকাংশ দাবি পূরণ করেননি লঞ্চমালিকেরা। তাই বাধ্য হয়ে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এ জন্য আমরা ২৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা রাত ১২টার পর থেকে লঞ্চ ধর্মঘট শুরু করব।’

এএইচ