টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষানগরী খ্যাত এলেঙ্গা পৌরশহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ডিগ্রি’র প্রথম ব্যাচের ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার কলেজের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ এডহক কমিটির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কলেজের প্রতিষ্ঠাতা সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য সেকান্দর আলী লেবু, আব্দুল বাছেত তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সাইদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার।

বক্তারা বলেন, ২০০০ সালে মতিন কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কালিহাতীতে নারী শিক্ষার প্রসার ঘটেছে এবং প্রথম থেকেই এই কলেজ ভাল ফলাফল করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ডিগ্রি কলেজের উদ্বোধন হল। এজন্য তাঁরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও তাঁরা আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই কলেজটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব হবে। ডিগ্রি ভর্তি ছাত্রীদের মধ্যে রুনা নামের এক ছাত্রী তাঁর অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, আমি এই কলেজ থেকেই এইচএসসি পাস করেছি। আমি ডিগ্রি প্রথম ব্যাচে ভর্তি হতে পেরে খুবই আনন্দিত। উচ্চ শিক্ষা অর্জন করতে আমাদের মত মেয়েদের কষ্ট করে আর দূরে গিয়ে পড়তে হবে না।

এর আগে অতিথিদের ও ডিগ্রি ভর্তি ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে এলেঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে শেষ হয়। সর্বশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

জেএইচ