অটোস্ট্যান্ড বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর দক্ষিণখান আইনুলবাগে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নানের নেতাকর্মীদের সঙ্গে দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি ও হলানস্ট্যান্ড এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের এ সংঘর্ষ হয়।
জানা যায়, চেয়ারম্যান বাড়ি ও হলানস্ট্যান্ড এলাকার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীরা আইনুলবাগ অটোস্ট্যান্ডে হামলা চালায়। এসময় তারা অন্তত ১০টি অটো ভাংচুর করে এবং চালকদের মারধর করে।
পরে হান্নানের বাসায় হামলা চালায়। এসময় হান্নান ও তার নেতাকর্মীরা তাদের প্রতিরোধ করে এবং ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ ক'জন আহত হয়। সংঘর্ষের সময় অন্তত ৭ রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছেনি বলে জানা গেছে।
ইআর/ এআর





