রাজধানীর কামরাঙ্গীরচরে সাথী আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ২টায় কামরাঙ্গীরচরের আলীনগর মসজিদ সংলগ্ন ৪নং রোডের এক ভাড়া বাসায় তার মৃত্যু হয়।
নিহত সাথী আক্তারের বাবা বাবলু মিয়া জানান, দুই বছর আগে স্থানীয় ওমর আলীর সঙ্গে তার মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর পরই তার স্বামী কখনও ১০ হাজার আবার কখনও ২০ হাজার টাকা দাবি করে। পরিবারের পক্ষ থেকে তা দেওয়াও হয়।
এরপরেও সাথীর স্বামী ওমর আরো টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় আমার মেয়েকে ওমর আলী গলা টিপে হত্যা করে।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাসিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে স্বামী ও স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে কামরাঙ্গীরচরের আলীনগর মসজিদ সংলগ্ন ৪নং রোডের বাসায় সাথী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে তার স্বামী ঘরের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





