নিরাপদ খাদ্য আইন প্রণয়নের বিশ মাস অতিবাহিত হলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই উল্লেখ করে এ আইন বাস্তবায়নে প্রতিটি জেলায় খাদ্য আদালত গঠনের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

রাজধানীর শাহবাগে চারুকলার সামনে শনিবার এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), আইনের পাঠশালা ও পরিবেশ উন্নয়ন সোসাইটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

পবার সহ-সম্পাদক মাহবুবুল আলম বলেন, ‘নিরাপদ খাদ্য আইন প্রণয়নের পর সেটি বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হবে মনে করলেও ২০ মাস পরও দৃশ্যত কোনো কার্যক্রম দেখা যায়নি। ভেজাল খাদ্যের কারণে এই ২০ মাসে কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে তার কোনো হিসাব নেই।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো ব্যক্তিকে ব্যবসায়ের লাইসেন্স দেওয়া মানেই তাকে মানুষ মারার লাইসেন্স দেওয়া নয়। দল-মত নির্বিশেষে মানুষ হত্যাকারী এ সকল ব্যবসায়ীরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

পবার সমন্বয়ক আতিক মোর্শেদ বলেন, ‘দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না গেলে কোনো ধরনের উন্নয়নই টেকসই হবে না।’

তাই নিরাপদ খাদ্য আইন-২০১৩ অবিলম্বে বাস্তবায়ন করতে প্রতিটি জেলায় খাদ্য আদালত গঠন করে এর জোর কার্যক্রম শুরু করার জোর দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, পবার সহ-সম্পাদক মো. সেলিম ও মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ।

এএইচ