জেলার অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা ওলিয়ার রহমান (৬০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার গুয়াখোলা এলাকায় নিজ বাড়ির সামনে প্রাতভ্রমণ করার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওলিয়ার রহমান নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি ছিলেন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীদে গ্রেফতার দাবিতে উপজেলা আওয়ামী লীগ ঢাকা- খুলনা মহাসড়কের নওয়াপাড়া এলাকা অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা ওলিয়ার রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

সঙ্গে থাকা দৈনিক ইনকিলাব পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক জানান, সকাল ৬টার দিকে ওলিয়ার রহমান বাড়ির সামনে প্রাতভ্রমণ করছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে দু’টি গুলি তার বাম পাশের বুকে বিদ্ধ হয়। এ সময় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোল্লার মৃত্যু হয়।

এএইচ