গাইবান্ধার সাঘাটায় এক বখাটে যুবক গভীর রাতে চুপিসারে গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর আত্মচিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট যুবক বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযোগে জানাগেছে, সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর মুক্তিপাড়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে মোঃ কবির মিয়া একজন শ্রমিক। দেশের বিভিন্ন জেলায় কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সে সংসার চালায়। এবারও সে কাজের উদ্দেশ্যে বগুড়া যায়।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে একই গ্রামের গোফ্ফার প্রধানের ছেলে লম্পট বাবু মিয়া সবার অজান্তে রাতে কবির মিয়ার স্ত্রী’র ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। রাত গভীর হলে লম্পট বাবু ধর্ষণের উদ্দেশ্যে তার উপর ঝাপিয়ে পড়ে।
দুই সন্তানের জননী শরিফা বেগম(২৬) ধস্তাধস্তি অবস্থায় চিৎকার দিতে থাকলে পাশের ঘরে থাকা শ্বাশুরী অমেনা বেগম সহ লোকজন এগিয়ে আসে। এতে লম্পট বাবু ঘটনাস্থল ত্যাগ করার সময় তার কাছে থাকা দিয়াশলাই দিয়ে কবির মিয়ার ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।
মুহুর্তেই ঘরের আসবাবপত্র মালামাল সহ একটি দো-চালা টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কবির মিয়া জানান।
এ ব্যাপারে গৃহবধু শরিফা বাদি হয়ে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
এদিকে বাবু মিয়া অভিযোগ তুলে নিতে হুমকী প্রদর্শন করে চলেছেন বলে শরিফার স্বামী কবির প্রতিবেদককে জানিয়েছেন।
এ বিষয়ে বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করে মুঠুফোনে তাকে পাওয়া যায়নি।
রুবেল/জারিফ





