নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার এএসও ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে তালাবদ্ধ দেখেন। এরপর তারা কারখানার মূল ফটকের সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ২টার দিকে শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ, মেশিন ও আসবাবপত্র ভাঙচুর করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে পাঁচ শ্রমিক আহত হন বলে শ্রমিকরা অভিযোগ করেন।

শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পরিচালক পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, বুধবার মালিকপক্ষ শ্রমিকদের চলতি মাসসহ দু’মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানায় তালা দেয়। বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেএইচ